খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সারা দেশের মত পার্বত্য জেলা খাগড়াছড়িতেও কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেক ভিডিও কনফারেন্সের ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধনের পরপরই জেলার ১৬টি বুথে একযোগে শুরু হয়েছে ভ্যাকসিন প্রদান কর্মসূচি। বেলা ১১ টায় জেলা সদর হাসপাতালের দুইটি বুথে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়।
প্রথমে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস করোনার টিকা গ্রহণ করেন। তারপরেই পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ করোনার ভ্যাকসিন গ্রহণ করেন। এরপরই অপর একটি বুথে সাধারণ মানুষদের টিকা প্রদান করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া একই সময়ে জেলার অপর ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪ টি বুথে ও বিজিবি সেক্টরে কোভিড-১৯’র টিকা প্রদান করা হয়।
সিভিল সার্জন জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত ৫ হাজার ২শ’ ৯৭ জন টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। প্রথমদিনে জেলায় মোট ৬শ’ ১১ জনকে ভ্যাকসিন দেয়া হবে। টিকা প্রদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে ৪৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ৩৩ জন স্বেচ্ছাসেবককে টিকা প্রদানের সহায়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
প্রথমধাপে গত ৩১ জানুয়ারি খাগড়াছড়িতে ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছে। এছাড়া খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও গুইমারা রিজিয়নেও ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করেছে সেনাবাহিনী।
