খাগড়াছড়িতে নিখোঁজ তিন যুবককে উদ্ধারের দাবিতে জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। হরতালের কারণে বন্ধ ছিলো শহরের দোকান পাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। চলাচল করছেনা জেলার আভ্যন্তরীণ সড়কের যানবাহন। ছেড়ে যায়নি দূর পাল্লার রুটের পরিবহনও। হরতাল চলাকালে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও পর্যটরা।
হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছিলো বাড়তি পুলিশ।
এছাড়া হরতালের সমর্থনে শহরের শাপলা চত্বরে মিছিল করেছে বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন তিন যুবক।
নিখোঁজরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে মো. সালাহ উদ্দীন (২৮), আবুল কাশেমের ছেলে মহরম আলী (২৭) ও একই উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাক চালক মো: বাহার।
একইদিন দুপুরে এক ব্যক্তিকে মুঠোফোনে গাছের জন্য টাকা পাঠাতে বলেন নিখোঁজ হওয়া যুবকরা। এরপর থেকে এখন পর্যন্ত তাদের আর কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
পরেরদিন মঙ্গলবার বিকেলে নিখোঁজ সালাহউদ্দীনের বাবা খোরশেদ আলম ড্রাইভার মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, সালাহ উদ্দীন, মহরম আলী ও বাহার মহালছড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
