খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম।
জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এটি এম কাউছার হোসেন।
এসময় বক্তার বলেন, ‘সরকার প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছেন। প্রতিটি জেলায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় একটি করে হোস্টেল নির্মাণ করা হয়েছে। যেখানে থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়া-লেখা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় একটি হোস্টেল উর্দ্ধমুখী করা হয়েছে এই অর্থ বছরে।’
পরে ১৫ জন প্রতিবন্ধীকে সাদাছড়ি বিতরণ করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘স্বনির্ভর চলায় সাদাছড়ি নিরপত্তার প্রতীক’।
প্রসঙ্গত, খাগড়াছড়িতে ৮ হাজার ৮শ’ ৮৮ জন প্রতিবন্ধীর পরিচয় পত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ভাতা পাচ্ছেন ৪ হাজার ১০৮ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে ৬০৫ জন।
