খাগড়াছড়িতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে বিআরটিএ’র দালালচক্রের এক সদস্য আটক হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপপরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে দালালচক্রের সদস্য সোহেল চাকমাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে দুদক।
অভিযানে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, আবুল বাশার ও খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা দুদকের কাছে লাগামহীন দুর্নীতির অভিযোগ করে। বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা।
