খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে বিনাষন চাকমা (৪৬) প্রকাশ তারাবন চাকমা নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে পানছড়ির অক্ষয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিনাষন চাকমা প্রকাশ তারাবন চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার কেরেংছড়ি এলাকার বাসিন্দা। তিনি প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের পানছড়ি উপজেলা সংগঠক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে পুজগাঙের অক্ষয়পাড়া এলাকায় গেলে, প্রতিপক্ষরা তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বিনাষন চাকমাকে নিজেদের কর্মী দাবি করে পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র সংগঠক মাইকেল চাকমা হত্যাকান্ডের জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা) দায়ী করেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা।
তবে এ ঘটনার নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, জেএসএস সংস্কার এ ঘটনার সাথে জড়িত নয়।
