খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুুরা(২৬) নামে এক আসামির মৃত্যুর ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে অপরটি কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে। দুটি তদন্ত কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদকে আহ্বায়ক করে তিন সদস্যেও কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা ও ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
এছাড়া কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রাঙামাটির জেলা কারাগারের জেল সুপার মতিউর রহমান। অপর তিন সদস্য হলেন বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. শামিম রেজা। উক্ত কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
গত শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা কারাগারের টয়লেটের ভেন্টিলেটরের রডে ঝুলন্ত অবস্থায় মিলন বিকাশ ত্রিপুরা(২৬)র মরদেহ উদ্ধার করা হয়। মিলন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অরুন পাড়া এলাকার মনসারাই ত্রিপুরার ছেলে। ঘটনার পর কারা কর্তৃপক্ষ জানিয়েছেন গলায় গামছা পেচিয়ে মিলন আত্মহত্যা করেছে। গত ১৬ মে খাগড়াছড়ির গুইমারা থানায় দায়ের করা এশটি পর্নোগ্রাফি মামলায় মিলনকে আটক করা হয়। পরের দিন ১৭মে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সেই থেকে মিলন কারাগারে ছিল।
ওই দিন বিকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিকভাবে তার দাহক্রিয়া সম্পন্ন হয়।
