নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটিকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়। খাগড়াছড়ি সমাজসেবা কার্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে দেখভাল করছে।
খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক রশ্মি চাকমা জানান, কোন গর্ভবতী মা শিশুকে টয়লেটের কমডে প্রসব করে রেখে চলে যান। শিশুটির কান্নাকাটির শব্দ শুনে অফিস সহায়ক রেনু ধরসহ আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শিশুটি ঠা-াজনিত সমস্যায় ভুগছে এমনটা জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে উদ্ধারের পর থেকে শিশুকে প্রভাষক রশ্মি চাকমা বুকের দুধ খাওয়াচ্ছেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, শিশুটি ভালো আছে বলা যায়। তারপরও হাসপাতালে ভর্তি রেখে আমরা নীবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
হাসপাতাল সমাজসেবা অফিসার নাজমুল হাসান জানান, শিশুটির চিকিৎসাসহ সব ধরনের প্রয়োজন পূরণ কর্তৃপক্ষ আমাকে নির্দেশনা দিয়েছেন। আমরা সার্বক্ষনিক খোঁজখবর রাখছি।
খাগড়াছড়ি প্রভেশনাল অফিসার প্রীতি বিজয় চাকমা বলেন, যেহেতু শিশুটির কেউ নেই, তাই অভিভাবক নির্ধারণে কিছু ট্রক্রিয়া আছে। আমরা সে সব ধাপ অনুসরণ করে শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করব।
