কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলাকে ‘বর্বরোচিত’ দাবি করে এই হামলা’র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ের নারীদের রাজনৈতিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা-মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার তার শাসন টিকিয়ে রাখতে চরম ফ্যাসিবাদী রূপ নিয়ে আবির্ভুত হয়েছে। সরকারের নির্দেশেই ছাত্রলীগ কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে।
নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, ছাত্রলীগ শুধু হামলা-মারধর করেই ক্ষান্ত হচ্ছে না, তারা ছাত্রীদের ধর্ষণেরও হুমকি দিচ্ছে। তাদের এই বর্বরতা ৭১ সালে পাকিস্তানী হানাদারদের বর্বরতাকেও হার মানাচ্ছে।’
বিবৃতিতে নেতৃদ্বয় আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা সংগঠনের পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।