কৃষি প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ধানবীজ ও রাসায়নিক সার নিজের নামে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের বিরুদ্ধে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল উপজেলার সাতটি ইউনিয়নের ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ওই বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের সাথে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদও ছিলেন অতিথি। তালিকায় বগাচত্বর ইউনিয়নের ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের নামের মধ্যে চেয়ারম্যান আব্দুর রশিদের নামও ছিলো। ফলে কৃষকের জন্য বরাদ্ধ সরকারি সাহায্য প্রকৃত কৃষককে না দিয়ে অনৈতিকভাবে নিজে ভোগ করছেন চেয়ারম্যান আব্দুর রশিদ।
কৃষি প্রণোদনার ধানবীজ ও সার নিজের নামে নেয়ার বিষয়টি স্বীকার করে চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘আমার ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমার নামটি তালিকায় দিয়েছেন। এ বিষয়ে আমার সাথে কোনো আলোচনা তিনি করেননি।’
উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজল বড়–য়া বলেন, ‘চেয়ারম্যান নিজেই পাঁচজন কৃষকের নাম তালিকায় দিয়েছেন এর মধ্যে তার নিজের নামও আছে। সরকারী যে কোনো সুযোগ সুবিধা তাকে দেয়ার জন্য আমাকে অনুরোধ করেন তিনি। এছাড়া তিনি ইউনিয়ন পুনর্বাসন কমিটির সভাপতি তার অনুমোদনের পরেই বরাদ্দগুলো দেয়া হয়। তার নাম না দিয়ে আমাদের কোনো উপায় থাকে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানের নিজের নামে প্রান্তিক কৃষকের বরাদ্দ নেয়াটা ঠিক করেননি। ইউনিয়ন থেকে আসা কৃষকের তালিকা যাচাই করার প্রয়োজন ছিলো। ভবিষ্যতে আমরা এ বিষয়ে যাচাই বাছাই করে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করব।
