কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য অমর চাকমার (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাই-বোনছড়ার কাপ্তাই হ্রদ থেকে নৌ-বাহিনীর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এর আগে রোববার বিকালে ভাই-বোনছড়া এলাকায় নৌকা থেকে পড়ে হ্রদে ডুবে নিখোঁজ হন তিনি।
স্থানীয় ইউপি সদস্য বাদল চাকমা জানান, নিখোঁজের পর রোববার বিকেলে এলাকাবাসী পানিতে তল্লাশি চালিয়ে তার কোনো হদিস পায়নি। সোমবার সকালে কাপ্তাই নৌ-ঘাঁটির ডুবুরি দল তিনি যে এলাকায় নিখোঁজ হন, তার কিছুটা দূর থেকে মরদেহ উদ্ধার করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, নৌ-বাহিনীর ডুবুরি দলের সহায়তায় পুলিশ সদস্যরা নিখোঁজ অমর চাকমার মরদেহ উদ্ধার করেন। এর ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।
