কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, আমাদের এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা সকলে একসঙ্গে মিলে মিশে এ দেশকে গড়বো। মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাব চত্বরে শুভ বড়দিন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে সাঁতার এবং প্রমিলা হ্যান্ডবলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এই খেলাধুলা এবং পুরস্কার বিতরণের আয়োজন করেছে।
ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি রেভারেন্ড সখরিয় বৈরাগীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাপ্তাই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।
এর আগে বেলা ৩ টায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল মাঠে চারটি দলে বিভক্ত হয়ে প্রমিলা হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের স্টাফ দল ৪-২ গোলে নার্সিং স্কুলকে পরাজিত করে। এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে আয়োজিত পুরুষ ও নারী বিভাগের সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
