কাপ্তাই প্রতিনিধি ॥
মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’। মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণার প্রেক্ষিতে ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসাবে সারাদেশে আগামী ২৬ এপ্রিল ৩২ হাজার ৯ শত চারটি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন।
রবিবার দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান তাঁর দপ্তরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই তথ্য জানান।
প্রেস ব্রিফিং এ ইউএনও আরোও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে পরিবার প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে গত বছরের ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১ম পর্যায়ে একযোগে ৬৯ হাজার ৯শত ৪ টি এবং একই বছরের ২০ জুন ২য় পর্যায়ে ৫২ হাজার ৯ শত ৪৫ টি উপকারভোগী পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও মুনতাসির জাহান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় ১ম পর্যায়ে ৬৮ টি এবং ২য় পর্যায়ে ৫ টি সহ মোট ৭৩টি গৃহ উপজেলার পাঁচটি ইউনিয়নের উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরোও ২৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া ঘর দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫শত টাকা।
এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ সিরাজ উদ দৌলা, ইউপি সদস্য মোঃ সেলিম।
