ঝুলন দত্ত, কাপ্তাই ॥
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর কাপ্তাইয়ের ব্যঙছড়ি বিটের গভীর অরণ্য থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কাপ্তাই বনবিভাগ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এই লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে এক ব্যক্তি লজ্জাবতী বানরটি বিক্রির উদ্দেশে পাচার করছে এমন সংবাদ পাওয়ার পর অভিযান চালাই। পরে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী খাঁচাবন্দী বানরটি রেখে পালিয়ে যায়। তিনি বলেন, ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানর এটি।
উদ্ধারের পর প্রাণীটি রাঙামাটির বন সংরক্ষক মো. মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব খানের নির্দেশনায় শনিবার রাতে অবমুক্ত করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন বনপ্রহরী মো. গিয়াসউদ্দিন, মো. আবু বক্কর, মো. আক্তার হোসেন পিএম।
