নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হল শিশু নিকেতন (বাংলা এন্ড ইংলিশ মিডিয়াম) বিদ্যালয়, কাপ্তাই ও শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির (সিএসএস) বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজে ধারাবাহিকভাবে বিজ্ঞানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। শিশু নিকেতন বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ৭ আরই ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার রেখা। অতিথি ছিলেন শিশু নিকেতনে স্কুলের উপাধ্যক্ষ সেলিনা সুলতানা, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গণিত) কাওসার আলমসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগণ। মো. আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসএসের সভাপতি অনুপ কুমার চাকমা।
বিজ্ঞান কর্মশালায় গণিত, জীববিজ্ঞান, জ্যোতিবিজ্ঞান, সাইন্স এক্সপেরিমেন্ট ও প্রোগ্রামিং এর ওপর কথা বলেন রাঙামাটি সরকারি কলেজের গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি সরকারি মেডিক্যাল কলেজে অধ্যায়নরত সিএসএস টিমের মেম্বাররা। সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ের ওপর টিম ওয়ার্ক করানো হয়।
কর্মশালা শেষে টিম ওয়ার্কে তিনটি সেরা টিম ও প্রশ্নোত্তর পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
