কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে পৃথক দুইটি অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার এলাকা এবং দুপুর একটায় একই ইউনিয়নের কার্গো এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।
নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, সোমবার সকালে নতুনবাজার ইয়াছিন স্টোরে আগুন লেগে দোকানের সকল মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সাথে সাথেই বাজারের সকল ব্যবসায়ী দ্রুত পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন স্টোরের মালিক ইয়াছিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে তাঁর দোকানে আগুন লেগে দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে একইদিন দুপুর একটায় কাপ্তাই ইউনিয়নের কার্গো এলাকায় পাহাড়ের ঢালুতে বৈদ্যুতিক শর্ট সাকির্টের মাধ্যমে আগুন লেগে দুটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মালিক রুবেল ও নাছির জানান, ঘরের কোন কিছুই বের করতে পারি নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলে জানান তাঁরা। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, দুপুর একটায় কার্গোর নিচে আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিট এর মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
