কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউশন(বিএসপিআই) কাপ্তাইয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে দিনব্যাপী কারিগরি প্রতিভা মেলা অনুষ্ঠিত হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে জনপ্রিয় করার জন্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে স্কিলস- ২০২১, প্রকল্প আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং মার্কেটিং এজেন্সি ‘এশিয়াটিক ইএক্সপি’ এর কারিগরি সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এই মেলা আয়োজন করা হয়।
এতে সাতটি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম প্রর্দশন করা হয়। সেই সাথে স্টলে সাক্ষাৎকারের মাধ্যমে চাকরির লাভের সুযোগ তৈরি করা দেয়া হয়েছে।
পরে বিএসপিআই প্রাঙ্গণে আলোচনা সভা এবং উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুনতাসির জাহান প্রধান অতিথি উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন।
বিএসপিআইয়ের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদারের সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি চেম্বার অ্যান্ড কর্মাসের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ইনচার্জ মো. নাসির উদ্দীন, আইএলও এর প্রোগাম ম্যানেজার আনিসুজ্জামান, বিএফআইডিসির ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, পুঁথিগত বিদ্যার বাইরে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং অবদান রাখা সম্ভব। তিনি আরোও বলেন, সরকার কারিগরি শিক্ষাকে প্রসারের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে।
এর আগে মেলায় আগত অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং স্টলসমুহ ও বিএসপিআই এর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এইছাড়া অতিথিরা বিএসপিআই প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
