কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ইউনিয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২১-২০২২ অর্থ-বছরে ছয় দিনব্যাপী মহিলাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রবিবার সমাপনি দিনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্য এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফের সভাপতিত্বে এসময় নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল হক, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
ছয় দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে এলাকার ২৫ জন মহিলাকে ১২ রকমের ফুড আইটেম তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানান ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। রন্ধনশিল্পী উম্মে হাবিবা সাথী ও রিজামনি উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন।
