জয়নাল আবেদীন, কাউখালী ॥
রাঙামাটির কাউখালীর উপজেলার ১৫ ইটভাটার ইট তৈরিসহ সকল কার্যক্রম বন্ধ করেছে দিয়েছে উপজেলা প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা মাধ্যমে এসব ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। এসময় ৯ ইটভাটার মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ লক্ষ ২০ হাজার টাকাও জরিমানা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার আরও একটি ইট ভাটায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অবৈধ ইট ভাটা বন্ধের জন্য উচ্চ আদালত ডিভিশনের রিটপিটিশন ১২০৪/২০২২ এর নির্দেশনার প্রেক্ষিতে স্থানীয় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এর মধ্যে কাউখালী উপজেলায় ১৫টির মধ্যে ভ্রাম্যমান আদালত দশটি অবৈধ ইটভাটাকে ৬লক্ষ ১০হাজার টাকা জরিমানা করে। অপর ৫টি ইট ভাটায় বিষয়ে উচ্চ আদালত কর্তৃক একটি নির্দেশনা থাকায় জরিমানা করা হয়নি তবে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এতদিন অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম চলে আসছিল বলে জানাগেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে অবৈধ এসব ইটভাটা বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ইটভাটাগুলোতে সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১০টি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।
