জয়নাল আবেদীন, কাউখালী
মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জানাতে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর বাসটি এসেছে কাউখালীতে। মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে বৃহস্পতিবার সকালে কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মক্ত করে দেওয়া হয় ভ্রাম্যমাণ এই জাদুঘরটি। মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীও করা হয় বালিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে।
এসময় আগ্রহ নিয়ে জাদুঘরটি পরিদর্শন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। দশম শ্রেণীর শিক্ষার্থী উচাইমা মারমা ও আপরোজা আক্তার জানান- মুক্তিযোদ্ধের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারছি, এগুলো সকলের জানা প্রয়োজন। একটি বাসকে ভ্রাম্যমাণ জাদুঘরে রুপান্তর করা হয়েছে, সবগুলো চিত্র দেখেছি, জেনেছি, ভালো লেগেছে সব মিলিয়ে। আয়োজনটা ভালো ছিলো।
কাউখালী বলিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের জানান- মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্ধুদ্ব করতে এই রকম প্রদর্শনীর প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে মন্তব্য করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর এর প্রোগ্রাম সমন্বয়কারী রঞ্জন কুমার সিংহ বলেন- মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আমাদের এই আয়োজন। রাঙামাটি জেলায় ১ নভেম্বর পর্যন্ত এ ভ্রাম্যমাণ বাসটি বিভিন্ন উপজেলায় যাবে বলে জানান তিনি।
