করোনা পরিস্থিতি মোকাবেলায় যে কমিটি গঠন করা হয়েছে সে কমিটির এ পর্যন্ত দুইটি সভা অনুষ্ঠিত হয়েছে কিন্তু এ দুই সভার একটিতেও উপস্থিত ছিলেন না পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। এমনটাই জানালেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। সোমবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় বিষয়ক জরুরি মতবিনিময় সভায় তিনি একথা জানান।
বিশ^ব্যাপি প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বর্তমানে বাংলাদেশে প্রভাব বিস্তার করছে, ঠিক সে সময়ে পার্বত্য জেলা রাঙামাটিকে এ ক্রান্তিকালে শহরসহ জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং করোনা ভাইরাস মুক্ত করতে একটি ‘করোনা মোকাবেলা কমিটি’ গঠন করা হয়েছে। পৌরসভার মেয়র হিসেবে সে কমিটিতে ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। তবে তিনি কমিটিতে থাকলেও সে কমিটির জরুরি দুইটি বৈঠকের একটিতেও উপস্থিত না হয়ে তার প্রতিনিধি পাঠিয়েছেন বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ‘করোনা মোকাবেলায় যে কমিটি গঠন করা হয়েছে সেখানে পৌর মেয়রও রয়েছেন কারণ তিনি পৌর এলাকার অভিবাবক। আমরা কমিটির এ পর্যন্ত করোনা বিষয়ক দুইটি সভা করেছি, এ সভায় দুইটিতে পৌর মেয়র উপস্থিত ছিলেন না, তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন। সবাই যে যেভাবে কমিটিতে আসুক না কেনো যারা জনপ্রতিনিধি তাদের প্রয়োজন আন্তরিকতার সাথে কাজ করা। এ কাজের চেষ্টাটা ভেতর থেকে আসতে হবে। তবেই আমরা সবাই মিলে করোনা প্রতিরোধ করতে পারবো।’
তিনি আরো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করেছি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটগুলোতে হাত ধোয়ার ব্যবস্থা রাখার জন্য। তিনি আশ^াস দিয়েছেন করোনা মোকাবেলায় সার্বিক সাহায্য সহযোগিতা করবেন।’
জেলা প্রশাসক এসময় অন্যান্য সকল দপ্তর ও অফিসকে সম্মিলিতভাবে কাজ করে করোনা মোকাবেলায় আহ্বান জানান।
