কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পে অংশীজনদের প্রকল্প কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং স্ট্রেনদেনিং ইনস্কুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি(এসআইডি-সিএইচটি), ইউএনডিপি তথা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প কার্যক্রম সভা গত বুধবার কাপ্তাই উপজেলা সম্প্রসারিত ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কন্যাশিশু ও নারীদের ক্ষমতায়ন, গুণগতমান উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক অগ্রগতি, শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস, সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক সুযোগ-সুবিধা, জাতিগত সংখ্যালঘুসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নিবার্হী অফিসার মুনতাসির জাহান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাদির আহমেদ, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা সুখেশ্বর চাকমা, কাপ্তাই উপজেলা ইউএনডিপি কর্মকর্তা জয় খীসা, জেলা পরিষদের মনিটরিং অফিসার এপা চাকমা, উপজেলা শিশু কর্মকর্তা মংসিংউ মারমা, ইউএনডিপি রাঙামাটি প্রোগ্রাম অফিসার ইথা চাকমা। অবহিতকরণ সভায় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্কুল প্রধান,হেডম্যান, আইন-শৃঙ্খলা প্রতিনিধি, উপজেলার বিভিন্ন বিভাগের প্রধান,স্বাস্থ্য কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়াব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
