কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৯ জনে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি জানান, চলতি সপ্তাহের মধ্যে গত শুক্রবার কাপ্তাইয়ে ৪৩ জনের করোনা পজেটিভ আসে। এটি একদিনে আক্রান্তের মধ্যে সর্বোচ্চ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান হতে জানা যায়, গত ১৫ জানুয়ারি হতে গত ২১ জানুয়ারি পর্যন্ত কাপ্তাইয়ে সর্বমোট ৯৯ জনের করোনা পজেটিভ আসে।
প্রতিদিন কাপ্তাইয়ে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী। এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ রোধে কাপ্তাইয়ে স্কুল শিক্ষার্থীসহ জনগণকে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরপরেও স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলতে হবে, বিশেষ করে মুখে মাস্ক পড়ে অবশ্যই চলাচল করতে হবে।
এদিকে করোনা সংক্রমণরোধে প্রতিদিন কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রচার প্রচারণা, মাস্ক বিতরণ এবং ভ্রাম্যমান আদালতের অভিযান আরোও জোরদার করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালর্ত পরিচালনা করছেন।
