নিজস্ব প্রতিবেদক ॥
ছয় বছর পর রাঙামাটি জেলা বিএনপির সম্মেলন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার সকাল ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে জেলা বিএনপির অষ্টম সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
পতাকা উত্তোলনের পর হলরুমে আলোচনা সভা শুরু হয়। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এর একটা সুরাহা হতে হবে। সারাদেশের মানুষের না খেয়ে জীবনযাপন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলো মীমাংসা হওয়া দরকার। তারেক রহমানকে স-সম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞা করবো, যতক্ষণ আমাদের প্রাণ আছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু’র সঞ্চালনায় এসময় কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্র-জেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না। দেশনেত্রী বেগম জিয়ার মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের নেতা তারেক জিয়া বীরের বেশে দেশে আসবে। ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করবো।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সরকার সম্প্রতি তেলের দাম আরেফ দফা বাড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন তেলের দাম বাড়িয়ে জিনিসপত্রের দাম আরো বাড়িয়ে দিয়েছে। দুর্নীতি রুখতে ব্যর্থ হওয়ায় সেই অর্থ সাধারণ মানুষের পকেট থেকে কেটে নিচ্ছে সরকার। সরকারের মন্ত্রী, এমপিদের সম্পদ ফুলে-ফেঁপে উঠছে। স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করছে। ইউনিয়ন পরিষদে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া হয়ে উঠেছে। লাশের পর লাশ পড়ছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকারের প্রেসক্রিপশন নিয়ে চলছে। দেশের এই অরাজকতার একটা বিহিত হওয়া প্রয়োজন। এজন্য সাধারণ নেতাকর্মীদের রাজপথে আন্দোলন সংগ্রামে শামিল হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ সাংঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সহ উপজাতীয় বিষয়ক সম্পাক লে. ক.(অব) মনীষ দেওয়ান, সদস্য মশিউর রহমান বিপ্লব, সাবেক উপমন্ত্রী ও সাবেক সাংসদ মনিস্বপন দেওয়ান। এসময় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির বর্তমান সভাপতি আলহাজ¦ শাহ আলম পুনরায় সভাপতি, বর্তমান সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু পুনরায় সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
