মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার টাকা সম্মানী ও উৎসব ভাতা পাবেন। গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা ও আগামী ঈদুল আযহার উৎসব ভাতাসহ মোট সাড়ে ৫২ হাজার টাকা পাবেন তারা।’
রবিবার (০৬ আগস্ট) বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল মন্ত্রীর অফিসে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন।
মন্ত্রী উপস্থিত মুক্তিযোদ্ধাদের বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতাও চালু করা হয়েছে।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আ. সালাম খান, ও মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বাসস