নিজস্ব প্রতিবেদক ॥
তিন পার্বত্য জেলার দুর্গম এলাকায় ২ হাজার ৫০০টি সোলার সিস্টেম দেওয়া হবে। বিনামূল্যে এই সোলার সিস্টেম প্রদান করা হচ্ছে। অনগ্রসর ও যেখানে স্বাভাবিক বিদ্যুতের আওতায় যারা নেই, তাদেরকে বিদ্যুৎ সুবিধার আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ফেসবুক সূত্রে জানা যায়, সরকারি ক্রয় সংক্রান্ত ভার্চুয়াল কমিটির সভায় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (২য় পর্যায়) শীর্ষ প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বুধবার এই অনুমোদন দেয়া হয়। চলতি বছরের ২৯তম ভার্চুয়াল সভায় কমিটির আহবায়ক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তর থেকে ভার্চুয়াল সভায় অংশ নেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোছাঃ হামিদা বেগম।
কমিটি সমস্ত কিছু যাচাই বাচাই শেষে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (২য় পর্যায়) শীর্ষ প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দেন।
সভায় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী সব সময়ই উদার ও আন্তরিক। সোলার স্থাপনের বিষয়টি তাঁর আন্তরিক প্রচেষ্টার একটি। যেখানে স্বল্প সময়ে বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়, সে সমস্ত এলাকার জনগোষ্ঠী সমূহ যাতে আধুনিক প্রযুক্তির সুফল থেকে বঞ্চিত না হয়, পিছিয়ে না পড়ে সে লক্ষে এমন উদ্যোগ নেয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের আপামর জনসাধারণের পক্ষ থেকে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
