এসএম জুয়েল, আলীকদম ॥
করোনা ভাইরাস প্রতিরোধে পার্বত্য বান্দরবানের, আলীকদম উপজেলাতে পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছিল বিভিন্ন এনজিও সংস্থা ও বাজার পরিচালনা কমিটি। উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে, রাস্তার পাশে স্থাপন করা হয় হাত ধোয়ার বেসিন, ব্যবস্থা করা হয় সাবান ও পানির।
তবে স্বতঃস্ফুর্তভাবে এ কর্মসূচি শুরু হলেও এখন তার বেহাল দশা!
এসব বেসিনে প্রথম দিকে সাবান ও পানির ব্যবস্থা থাকলেও বর্তমানে অধিকাংশ জায়গায় তা নেই। নোংরা হয়ে পড়ে আছে বেসিন। কোথাও পানির ব্যবহার ও হাত ধোয়ার প্রয়োজনে ব্যবহারের সুফল পাচ্ছে না স্থানীয়রা, বেসিন থেকে উল্টো দুর্গন্ধ ছড়াচ্ছে!
বাজারের ব্যবসায়ীরা বলেছেন, প্রয়োজনের সময় পানি পাই না। কখনো থাকে, কখনো থাকে না। পর্যাপ্ত পানি ও সাবানের ব্যবস্থা থাকলে ভালো হতো। এতে যেমন করোনা প্রতিরোধে সহায়ক হতো, তেমনি সাধারণ মানুষের উপকারও হতো।
ব্যবসায়ীরা আরো বলেন, অনেকদিন আগে থেকেই এখানে পানি ও সাবান নেই। পথচারীরা হাত ধোয়ার জন্য এসে পানি না পেয়ে ফিরে যান। আসলে দেখার কেউ নেই। তাই এমনটি হয়।
পথচারীরা বলেন, বাজারের অলি-গলিতে করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছিল, টঝঅওউ অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ও গ্রীনহিলের সহযোগিতায়। এখন অনেক জায়গা পানির ট্যাঙ্ক দেখতে পাওয়া যায় না! কোথাও পানির ট্যাংক থাকলেও বেসিন এবং সাবান অনেক আগে থেকেই উধাও।
তবে আলীকদম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণ এবং আগের মতো সচেতন হয়ে করোনাভাইরাস প্রতিরোধে সকলকে এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন বলেন, পানির সরবরাহ না থাকার কারণে ব্যবহারযোগ্য রাখা কঠিন হবে। তাই সব সময় সাবান ও পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
