এসএম জিয়াউদ্দীন জুয়েল, আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় মধ্যরাতে পৃথক পৃথক চারটি অভিযানে ৯০টি বার্মিজ গরু উদ্ধার করেছে। যার মূল্য কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। রবিবার মধ্যরাতে আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী যৌথ অভিযানে এসব গরু উদ্ধার করা হয়।
স্থানীয়দের মতে, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানের কারণে এখন দিশেহারা অবৈধ বার্মিজ গরুর ব্যবসায়ীরা, কেউ কেউ গরু জবাই করে বস্তায় ভরে মাংস নিয়ে যাচ্ছে আলীকদমের বাইরে, দুর্গম পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে মরে যাওয়ার উপক্রম হওয়া ও মৃত্যু গরু জবাই করে আলীকদম, লামা, চকরিয়া-কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মাংস বিক্রি করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
চোরাচালান প্রতিরোধে অর্পিত দায়িত্ব হিসেবে আলীকদম ব্যাটেলিয়ান (৫৭বিজিবি) নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায় এ পর্যন্ত ১৪ কোটি ৫৩ লক্ষ ২ হাজার টাকা মূল্যের মায়ানমার হতে চোরাচালানকৃত গবাদিপশু আটক করতে সক্ষম হয়। এ পর্যন্ত ১০ কোটি ৮৯ লক্ষ ৯৩ হাজার ৯১টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়।
এই অবৈধ চোরাচালান প্রতিরোধকল্পে আলীকদম ব্যাটালিয়ন কর্তৃপক্ষ বলেন, বিজিবি’র নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অত্র এলাকায় চোরাচালান দমনে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আলীকদম থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দিন সরকার, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির অভিযানে সহযোগিতা করেন পুলিশ, আইনি প্রক্রিয়া শেষে গরুগুলো নিলামের ব্যবস্থা গ্রহণ করা হবে।
