আলীকদম প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ধরণা ও প্রতিপালনে সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদ ইকবাল, থানার ওসি নাছির উদ্দীন সরকার, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
