বান্দরবানের আলীকদমে তিনটি গ্রেনেডসহ আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এসব উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লে.কর্নেল মো. সাইফ শামীমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল জেলার আলীকদম উপজেলার বাঘেরঝিরি এলাকায় পাহাড়ে অভিযান চালায়। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের অস্থায়ী স্থানা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি গ্রেনেড, ১টি বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় আলীকদম থানায় একটি মামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদমের জোন কমান্ডার লে.কর্নেল মো. সাইফ শামীম জানান, পাহাড়ের অরণ্যে একটি সন্ত্রাসী আস্তানা থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড’সহ আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
