রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় লাগোয়া পাশের ভূজপুর থানার বাগান বাজারে সাত বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (২৭) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। আক্রান্ত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত মোহাম্মদ হানিফ (২৭) খাগড়াছড়ি রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে। সে বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়াজামিরুলউলুম ইসলামী মাদরাসার শিক্ষক।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বিকেলে আরবি পড়তে শিশুটি ওই মাদরাসায় যেত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পারিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল তিনটার দিকে শিশুটি মাদরাসার ওই শিক্ষকের কাছে আরবি পড়তে যায়। এসময় মাদরাসায় অন্য শিক্ষার্থীরা ছিলো না। শিশুটিকে একা পেয়ে হানিফ নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। পরে গ্রামের লোকজন জানতে পেরে রাতে ওই মাদরাসায় গিয়ে হানিফকে আটক করে রাখে। পরে তাকে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
ভূজপুর থানার উপ-পরিদর্শক সুমন জানান, ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। নির্যাতিত শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং এই ব্যাপারে শিশুটির পরিবার বাদি হয়ে থানায় মামলা করেছেন।
