২১তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আয়োজিত আলোচনা সভায় পার্বত্য শান্তিচুক্তির দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আঞ্চলিক পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেছেন, সরকারের সদিচ্ছা না থাকায় গত ২১ বছরেও চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হতে পারেনি- যার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে। মাথাচাড়া দিয়ে উঠেছে চুক্তিবিরোধীরা।
পার্বত্য শান্তিচুক্তির ২১ বর্ষপূর্তি উপলক্ষে সকাল ১১টায় আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। পরিষদের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিষদের সদস্য ডা. নীলু কুমার তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা, সদস্য কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যক্তি চাঁদ রায়, ইউসুফ আলম, সাধুরাম ত্রিপুরা, সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদ প্রমুখ। তারা দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে এগিয়ে আসার আহবান জানান।
