কাপ্তাই প্রতিনিধি ॥
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি বসতঘরের ৮টি কক্ষ। এছাড়া পাশের বহুতল ভবন থেকে জীবন ভয়ে নেমে পালাতে গিয়ে দগ্ধ হয়েছেন চারটি পরিবারের ৪ জন মানুষ। শুক্রবার দিনগত মধ্যরাত ৩টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম মাদ্রাসা সংলগ্ন কলোনিতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, অগ্নিকান্ডে দুটি সেমিপাকা বসতঘরের ৮টি কক্ষ পুড়ে গেছে। যেখানে থাকতো মো. ইউসুফ, নিজাম উদ্দিন ও শরীফা বেগমের ৩টি পরিবার। রাতে আগুন লাগার পর পাশের একটি বহুতল ভবনের বাসিন্দারা আতংকে পালাতে গিয়ে দগ্ধ হন।
এতে ওই বিল্ডিংয়ের ভাড়াটিয়া কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রজিত তঞ্চঙ্গ্যা, তাঁর স্ত্রী এবং মেয়ে জিনিয়া তঞ্চঙ্গ্যা, চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় তঞ্চঙ্গ্যার স্ত্রীসহ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নেয়া হয়। এরমধ্যে একজনকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। অগ্নিকান্ডে ইউপি সচিব ইন্দ্রজিত তঞ্চঙ্গ্যা ৩০% এবং তার মেয়ে জিনিয়া তঞ্চঙ্গ্যার ২০% পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা ধারণা করছেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে যায়। আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।
