লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের বসতভিটা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান। রবিবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে যান তিনি। এ সময় মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ কিছু কম্বল প্রদান করা হয়।
শনিবার রাতে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের হাজাছড়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে জাহাঙ্গীর আলমের বসতভিটা পুড়ে যায়। এ সময় বসতভিটার বারান্দায় থাকা দুটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। পরে প্রতিবেশিরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সময় আমি ও আমার পরিবারের কেউ বাড়িতে ছিলাম না। প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারি আমার ঘরে আগুন লেগেছে। এসে দেখি আমার সব কিছু পুড়ে শেষ। গরু, ছাগল, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। এই ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার।
ক্ষতিগ্রস্ত পরিবারের বসতভিটা পরিদর্শনের সময় ইউএনও বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমাণের বিষয়টি অবগত হয়েছি। সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেভাবেই তাদের সহযোগিতা করা হবে।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী সামশুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, ইউপি সদস্য আব্দুস ছালাম খা উপস্থিত ছিলেন।
