রাঙামাটিতে সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তির জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে শহরের টিভি কেন্দ্র এলাকায় কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়। দাফনকাজে অংশ নেয় ইসলামিক ফাউন্ডেশন এর চারজন কর্মকর্তা কর্মচারি,জেলা প্রশাসন কর্তৃক দাফন সহায়তায় গঠিত ইমার্জেন্সি রেসপন্স টীমের সদস্য যুবলীগ নেতা আবু বকর লিটন ও আছহাবউদ্দিন। জেলা প্রশাসনের পক্ষে পুরো দাফন কাফনের কার্যক্রম উপস্থিত থেকে মনিটরিং করেন নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশ।
এদিকে মারা যাওয়া ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত আসেনি বলে জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ইনচার্জ ডা: মোস্তফা কামাল। তবে তিনি জানিয়েছেন, সোমবার রাতের মধ্যে রিপোর্ট হাতে পাওয়ার সমূহ সম্ভাবনা আছে।
প্রসঙ্গত, রবিবার করোনা’র কিছু উপসর্গ নিয়ে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন শহরের রূপনগর এলাকার ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। তারা লক্ষণ দেখে তাৎক্ষনিক তাকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে নেয়া হয়। তার রক্তের নমুন সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। কিন্তু রবিবার ভোররাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
