জেলার দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় একটি মেশিন এবং বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এসব জিনিস জব্দ করা হয়। বোয়ালখালি পুরাতন বাজার এলাকার দশবল বৌদ্ধ রাজবিহার সংলগ্ন মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে এসব জব্দ করা হয়। তবে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেশিন ও গাড়ি জব্দ করার পর পুলিশের মাধ্যমে থানায় পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি বালুমহালের বাইরে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে গিয়ে বালু পরিবহনের একটি গাড়ি এবং বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়েছে।