ইয়াছিন রানা সোহেল
কাপ্তাই হ্রদ ঘেঁষে ও হ্রদের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের ফিশারী ঘাট এলাকায় অবৈধ দখল হওয়া একটি স্থাপনা উচ্চেদ করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) মোঃ বোরহান উদ্দিন মিঠু এ অভিযান পরিচালনা করেন।
এসময় আবাসিক হোটেলেও অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোন আবাসিক হোটেলে রুম ভাড়া দেয়া হচ্ছে কিনা এবং হোটেল খোলা আছে কিনা তা নজরদারি করা হয়। 

জেলা প্রশাসনের এনডিসি মোঃ বোরহান উদ্দিন মিঠু জানান, কাপ্তাই হ্রদে পানি শুকিয়ে গেলে অবৈধ দখলদাররা বেপরোয়া হয়ে উঠে এবং খাস জায়গা বেদখল করে। বেদখল হওয়া এসব জায়গা উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
