‘২০১৭ সালে ভয়াবহ পাহাড়ধসের সময় অনেককে বলতে শুনেছি শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে ভূমিধস হয়েছে! বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, যারা শান্তি চুক্তি বাস্তবায়নের চাইতে, শান্তি চুক্তিকে ইস্যু করে নিয়ে এখানে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।’ সোমবার সকালে রাঙামাটিতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি আসনের সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার এ মন্তব্য করেন।
এদিন সকালে শহরের পৌরসভা চত্ত্বরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে এসে মিলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, ‘অনেক দেশে আমাদের মতো চুক্তি হয়েছে, কিন্তু আমরা শতকরা যতভাগ বাস্তবায়ন করেছি পৃথিবীর অনেক দেশে তাও করেনি। শান্তি চুক্তি একটি চলমান প্রক্রিয়া। এটি বাস্তবায়নের জন্য যে ধনের সহযোগিতা প্রয়োজন সেটি সরকার পাচ্ছে না বলে বিলম্ব হচ্ছে।’ তিনি বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির ফলে বসস্থান এবং উন্নয়নের তাগিদ সমস্ত কিছু মিলে এই বনাঞ্চলের ওপর একটা চাপ পড়েছে। বন বিভাগের সাথে সাথে সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পুলিশ সুপার আলমগীর কবীর, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টাচার্য্য, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় আলোচনা সভা শেষে রাঙামাটির দশটি উপজেলা চেয়ারম্যানগণের মাঝে ১৫ হাজার চারা বিতরণ করা হয়। মেলায় ১০টি স্টলে বিভিন্ন প্রজাতির চারা বসেছে। সাতদিন ব্যাপী এই মেলা আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে।
