ইয়াছিন রানা সোহেল
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারনা ক্রমশ বেড়ে চলেছে। প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনা শুরু করে প্রার্থীরা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর প্রার্থীর পক্ষে শহর জুড়ে চলছে মাইকিং। সকাল থেকে রাত অব্দি চলছে প্রচারনা। ভোটারদের আকৃষ্ট করতে ছন্দের তালে তালে চলছে মাইকিং। আবার কোন কোন প্রার্থীর গুনগান গেয়ে গানের সুরে সুরেও ভোট চাওয়া হচ্ছে।
ওয়ার্ডে ওয়ার্ডে পোস্টার লাগাতে ব্যস্ত সময় পার করছেন দলীয় কর্মী-সমর্থকরা। অফলাইনে প্রচার-প্রচারনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারনা চালিয়ে যাচ্ছেন নিজ নিজ দলের কর্মী-সমর্থকরা। শুধু পৌর শহরে নয়। জীবন-জীবিকার তাগিদে জেলা এবং দেশের বাইরে যেসমস্ত কর্মী-সমর্থকরা অবস্থান করছেন তারাও নিজ নিজ প্রার্থীর পক্ষে অনলাইনে প্রচার চালাচ্ছেন। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট আর কমেন্টে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারনা চালাচ্ছেন তারা।
চায়ের দোকান, পাড়া-মহল্লা আর অফিস পাড়া সর্বত্রই চলছে ভোটের হিসেব-নিকেষ। পৌর শহর ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে পোস্টারে। দুই একজন প্রার্থী ব্যতিক্রমী দুই এক লাইন শ্লোগান কিংবা প্রতিশ্রুতি দিয়ে পোস্টার ছাপালেও অধিকাংশ প্রার্থীর পোস্টার করা হয়েছে গতানুগতিকভাবে।
মেয়র পদপ্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও প্রত্যেকেই নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে যাচ্ছেন লোকজনের কাছে। অপরদিকে ভোট প্রার্থনার সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন কর্মী-সমর্থকরা। ইতোমধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে একাধিক ফেসবুক আইডি খুলেও তাতে চালানো হচ্ছে প্রচারনা।
