রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি শহীদুজ্জামান মহসিন রোমান সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন চাইছেন। ইতোমধ্যেই তিনি তার প্রার্থীতার জন্য দলের কাছে আবেদন জমা দিয়েছেন। রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর তার আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শহীদুজ্জামান মহসিন রোমান ১৯৯৭ সালে রাঙামাটি শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে সেইভাবে সক্রিয় না থাকলেও পরিবহন শ্রমিকদের সংগঠন রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির দুইদফায় সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছেন। একই সাথে ২০১৭ সাল থেকে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদি রোমান বলেছেন, ‘ আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিবে। দল মনোনয়ন দিলে আমি সদর উপজেলা চেয়ারম্যান পদটি আমার দলকে উপহার দিতে পারব বলেই বিশ্বাস।’
রোমান বলেন, ‘ আমি ছোটবেলা থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। এই দলের জন্য আমি বিভিন্নসময় হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি। আমার আস্থা আছে,দল আমার ত্যাগ ও পরিশ্রমকে মূল্যায়ণ করবে এবং আমি দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়ে রাঙামাটি সদর উপজেলাবাসির জন্য কাজ করতে পারব।’
‘আওয়ামীলীগের দু:সময়ে মাঠে ছিলেন না’ বিরোধীদের এমন প্রচার সম্পর্কে তিনি বলেন, ‘ এসব আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহলের মিথ্যা অপপ্রচার। এসব সম্পর্কে আমার দলের নেতারা অবহিত আছেন। আমি সবসময়ই দলের সাথেই ছিলাম, আছি এবং থাকব।’
প্রসঙ্গত, শহীদুজ্জামান মহসিন রোমান ছাত্রজীবনে ১৯৯৭ সালে রাঙামাটি শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৭ সালে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি রাঙামাটি শহরের অটোরিক্সা চালকদের সংগঠন অটোরিক্স চালক সমিতির একাধিকার নির্বাচিত সাধারন সম্পাদক হিসেবে বর্তমানেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত আছেন।
এখানে উল্লেখ্য যে,নতুন করে যাত্রা শুরু করা রাঙামাটি সদর উপজেলা পরিষদে প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। তারপর অনুষ্ঠিত পরের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হন তৎকালিন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সেলিম,যিনি নির্বাচনে পরাজিত হন অরুন কান্তি চাকমার কাছে। বর্তমানে অরুন কান্তি চাকমা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
