একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একটি মাত্র আসন। কেন্দ্রে কেউ অস্ত্রের ভয় দেখিয়ে, টাকায় ভয় অথবা লোভ দেখিয়ে ভোট ডাকাতি অথবা ভোট দিতে বাধ্য করতে পারবে না এবং এমন কোনও ঘটনা ঘটবে না বলে প্রার্থীদের আশ্বস্ত করেন রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার একেএম মামুনুর রশিদ। বুধবার বিকেলে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এই আশ্বাস দেন। তিনি আরো বলেন, আমরা এমন ঘটনা ঘটতে দিব না। প্রতিটি কেন্দ্রে প্রতিটি প্রার্থীর জন্য উন্মুক্ত থাকবে। যে যার ভোট তার মনোনিত প্রার্থীকে দিয়ে আসবে, সেই পরিবেশ তৈরির কাজ আমরা চালিয়ে যাচ্ছি।
রাঙামাটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী, নির্বাচনি এজেন্ট ও মনিটরিং টিমের সদস্যগণের সাথে নির্বাচনি আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনকে ইঙ্গিত করে রিটার্নিং অফিসার এ কে এম মামুনুর রশিদ আরো বলেন, গত নির্বাচন নিয়ে অনেক কিছুই শুনেছি। সাবাই সেই ইতিহাসের কথা ভুলে যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের পুনরাবৃত্তি হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্ব। বিএনপি প্রার্থীর পক্ষে জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ইসলামি আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন, জাতীয় পার্টি প্রার্থীর পক্ষে তার চিফ এজেন্ট শিপ প্রসাদ মিত্র, সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস দলের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নিলোৎপল খীসা।
মতবিনিময় সভায় প্রার্থীদের এজেন্টদের পক্ষ থেকে কিছু অভিযোগ করা হলে, সবার কাছে সহযোগিতা কামনা করে রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এ কে এম মামুনুর রশিদ বলেন, যাতে সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচন সবাইকে উপহার দিতে পারি।
ভোটের দিন নির্বাচনে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাডিং অফিসার ও পুলিশ অফিসার ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এই বিষয়টি সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি।
