সারাদেশের মতো তিন পার্বত্য এলাকায় অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা। তিনি বলেছেন, ‘সারা দেশের থেকে এখানকার অবস্থান ভিন্ন। তাই তিন পার্বত্য এলাকার অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের সহযোগীতার লক্ষে আমরা একত্রিত হয়েছি। কিছুদিন আগেও আমরা রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পরিষদের উপ-নির্বাচন করেছি। সকলের সহযোগীতায় নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
সিইসি আরও বলেন, ‘আমি এখানকার আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। এই নির্বাচনও সুষ্ঠু করার লক্ষে আমরা এখানে মিলিত হয়েছি। তিন পার্বত্য জেলার মানুষ ভিন্ন, তারা শান্তিপূর্ণ মনোভাবের। এই তিন জেলায় মোট ১১ লক্ষ ভোটার রয়েছে। তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।’
সভায় আরও উপস্থিত আছেন- নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মো. গোলাম ফারুক।
