বান্দরবানের আজিজনগরে ২ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এসময় একটি দেশীয় তৈরি অস্ত্র’সহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হিমছড়ি পাড়া পাহাড়ের খাদ থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম জামাল উদ্দিন (৩২)। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১টি দেশীয় তৈরি অস্ত্রও উদ্ধার করেছে। অপরদিকে ইউনিয়নের হরিনমারা পাড়া পাহাড়ের অরণ্য থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম হারুনুর রশীদ (১৮)। সে গতজুনমাসে আজিজনগর থেকে নিখোঁজ হয়েছিল। খবর পেয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, হরিনমারা পাড়া থেকে নিখোঁজ যুবক হারুনুর রশীদ এবং হিমছড়ি পাড়া থেকে কৃষক জামাল উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজনের বাড়িই ঘটনাস্থলের স্বস্ব এলাকায়। তাদের মধ্যে হারুন ঢাকায় চাকরী করতেন। আজিজনগর গ্রামের বাড়িতে এসে জুনমাসে নিখোঁজ হয়েছিল। এবং কৃষক জামাল উদ্দিন স্থানীয়ভাবে তৈরি অস্ত্র নিয়ে হাতি তাড়ানোর কাজ করতেন। ধারণা করা হচ্ছে কৃষক জামাল নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই কৃষ্ণ দাস জানান, আজিজনগর ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে যুবক হারুনুর রশীদের লাশটি অনেকটা কঙ্কালে পরিনত হয়েছে। দুটি লাশের ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
