উচ্চ ম্যালেরিয়া প্রবণ মৌসুমে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রনের জন্য জেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের নিয়ে বিশেষ এ্যাডভোকেসি সভায় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা হোটেল মালিকদের প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যারা পর্যটকদের সেবা দিতে পারে না, তারা যোগ্যতাই রাখে না হোটেলের মালিক হওয়ার।
শনিবার সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর’র আয়োজনে এবং দ্য গ্লোবাল ফান্ড (জিএফএটিএম)’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত একাধিক স্টেক হোল্ডারদের অভিযোগের ভিত্তিতে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, প্রতিটি আবাসিক হোটেলে মশারি রাখতে হবে। পর্যটকদেরকে এখানে এসে ম্যালেরিয়ায় আক্রান্ত হতে দেওয়া যাবে না। হোটেলের মালিকরা এত টাকা খরচ করে হোটেল তৈরি করবে কিন্তু পর্যটকদের সেবা দিবে না, তা হতে পারে না। প্রতিটি হোটেলে মশারি রাখতে বাধ্য করতে হবে, না হয় প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহন করতে হবে বলেও মন্তব্য করেন জেলা পরিষদের চেয়ারম্যান।
