মঙ্গলবার সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাঙামাটির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. আরিফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) রাঙামাটির সভাপতি অমলেন্দু হাওলাদার। রাঙামাটি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমের উপস্থিতিতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রবিউল হোসেন, সনাক সদস্য এবং স্বজন সদস্য ডা: রঞ্জিত নাথ। এছাড়াও রাজদ্বীপ, ঝগড়াবিল ও জালিয়াপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় এসএমসি সভাকে অনুমোদনের মাধ্যমে সক্রিয় করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সক্রিয় মা দলের ভূমিকা, যথাযথ মনিটরিং, শিক্ষকদের বাড়ি পরিদর্শন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কার্যক্রম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়া ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক ভিত্তিতে যদি খেলা-ধুলার আয়োজন করা যায় তাহলে শিক্ষার্থীরা আগ্রহী হবে। এ ছাড়া বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে এলামনী এসোসিয়েশন তৈরি করে তাদের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের ওপর জোর দিতে হবে। সনাক-টিআইবির কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, রাজদ্বীপ প্রাথমিক বিদ্যালয়ে সনাক যে কার্যক্রম পরিচালনা করছে, তা ছড়িয়ে দেয়ার জন্য উদ্যোগ নেয়া হবে।
মতবিনিময় সভায় সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, শিক্ষার মান উন্নয়নে সনাক কর্তৃক গৃহীত পদক্ষেপ জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে। তিনি জানান, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নের জন্য সনাকের এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। (বিজ্ঞপ্তি)
