‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা দেশ’- এই স্লোগানকে সামনে রেখে উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেষ্ট্রনিক মিডিয়ার ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা এ কর্মশালা আয়োজন করে।
জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ সাইফুল ইলাহী, চীফ জুডিশিয়াল মোরশেদ খানসহ রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।
কর্মশালায় বক্তারা বলেন, ‘২০১৩ সাল থেকে এই আইনের কার্যক্রম শুরু হয়। যদিও অধিকার আদয়ের জন্য আইনগত সাহায্য প্রয়োজন আছে, কিন্তু টাকার অভাবে আইনের সহযোগিতা নিতে আদালতে আসতে পারছেন না সেই সব সাধারণ মানুষের জন্য লিগ্যাল এইড কাজ করে যাচ্ছে। এক কথায় অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে লিগ্যাল এইড কাজ করে। প্রথমে সমঝোতার মাধ্যমে শান্তির পথ খুঁজে বের করার কাজ টাই লিগ্যাল এইড করে থাকে।’
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন বলেন, ‘নির্ধারিত ১৬৪৩০ নাম্বারে কল করেও আপনি আইনি সহায়তা পেতে পারেন। অসহায় মানুষের পাশে সরকার দাঁড়িয়েছে। আমাদেরও উচিত তাদের পাশে থাকা। আমি আমার জায়গা থেকে যদি নিজের কাজগুলো করতে পারি; তাহলে দেশটা একদিন এমনিতেই পরিবর্তন হয়ে যাবে।’
