আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় ২৯৯নং আসনে মনোয়ননপত্র জমা দিলেন এই আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার।
বুধবার বিকাল সাড়ে চারটার পর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের হাতে মনোয়ননপত্র জমা দেন ঊষাতন তালুকদার। তিনি সন্তু লারমা নেতৃত্বাধীণ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হারিয়ে এই আসনে জয়লাভ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার বলেন, আমি আশাবাদী, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। পার্বত্য অঞ্চলে তথা রাঙামাটিতে সকল মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছি এবং অনেকাংশে সফল হয়েছি। এখানে অনেক উন্নয়ন হয়েছে, সেক্ষেত্রে আমি আশা করি জনগণ এবারও আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’
রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ‘২৯৯নং রাঙামাটি আসনে ইতোমধ্যে ১১টি মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। যার মধ্যে তিন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। প্রথমে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক প্রার্থী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য ঊষাতন তালুকদার ও শরৎ জ্যোতি চাকমা নামে একজন মনোনয়ন পত্র জমা দেন।
শরৎ জ্যোতি চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন পত্র জমা দিলেও তিনিও সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে যাবতীয় কাজ ইতোমধ্যে শেষ করেছে জেলা নির্বাচন অফিস। এ বারের সংসদ নির্বাচনে ২০৩ জন প্রিজাইডিং আফিসার, ৮৯৩ জন সহকারী প্রিজাইডিং আফিসার এবং ১৭৮৬ জন পোলিং আফিসার কাজ করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ বা ২১ ডিসেম্বর এদের প্রশিক্ষণ প্রদান করা হবে। রাঙামাটি আসনে দশ উপজেলায় স্থায়ী-অস্থায়ী মিলে ২০৩টি ভোট কেন্ত্রের মধ্যে ২১টি ‘হেলি সটিং’ কেন্দ্র রয়েছে।
