বাঘাইছড়ি উপজেলার সাজেক-গঙ্গারাম এলাকার করল্যাছড়িমুখ ধারজ কার্বারি পাড়া থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কালেক্টরকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ইউপিডিএফ কালেক্টরের নাম রিমেল চাকমা (১৮)।
জানা গেছে, তিনি স্থানীয় ৩৫ নং বঙ্গলতুলী মৌজার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সন্তু মনি চাকমার ছেলে।
যৌথ বাহিনী সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুইটি কার্তুজ, ছুরি, চাঁদা আদায়ের রশিদ, ইউনিফর্ম ও নগদ ২ লাখ ১৪ হাজার ৫শ’ টাকা পাওয়া গেছে।
অস্ত্রসহ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, ‘আটক ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীণ রয়েছে।’
ইউপিডিএফের প্রতিবাদ
ইউপিডিএফ কালেক্টর আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা।
এক বিবৃতিতে তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘সরকার ইউপিডিএফের বিরুদ্ধে নজিরবিহীন দমন-পীড়ন চালাচ্ছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই মারমুখি হচ্ছে । সরকার চাই না পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করুক। এজন্য ইউপিডিএফ-এর নেতাকর্মীদের ধরপাকড়, হত্যা ও গুম করা হচ্ছে। ইউপিডিএফ প্রধান এবং সকল শীর্ষ নেতাসহ সকল স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়া হচ্ছে।’
