রাঙামাটির লংগদু উপজেলার ৪নং বগাচত্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অনাস্থা জানিয়েছে পরিষদের মেম্বারবৃন্দ। চেয়ারম্যান আব্দুর রশিদ বগাচত্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সূত্র জানায়, চেয়ারম্যানের নানা অনিয়মের বিরুদ্ধে পরিষদের সকল মেম্বার মিলে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করেন। যেখানে তাঁরা (মেম্বার) উল্লেখ করেন, এলাকার উন্নয়ন কর্মকান্ড থেকে তারা বঞ্চিত। অত্র ইউপির সকল উন্নয়ন কর্মকান্ড ও দুস্থ মানুষের জন্য বরাদ্ধের সকল প্রকল্পসমূহ নানা অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে চেয়ারম্যান এককভাবে বাস্তবায়ন করছে । বিশেষ করে ২০১৭-১৮ অর্থ বছরের ‘এলজিএসপি-৩’ এর সকল প্রকল্প একক সিদ্ধান্তে গ্রহন করছে। এছাড়াও টিআর, কাবিখা, কাবিটা, এডিপি, ভিজিডি প্রকল্পে নানা অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নিয়েছেন ।
বগাচত্বর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মমতাজ বেগম বলেন,চেয়ারম্যান যেমন জনগণের ভোটে নির্বাচিত আমরাও জনগণের ভোটে নির্বাচিত । এলাকার মানুষ আমাদের কাছেও নানা সহযোগীতা আশা করেন। কিন্তু আমরা সকল উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত। চেয়ারম্যান আমাদের কোনো কথার পাত্তা দেন না ।গত দুই বছরের বেশি সময় যাবৎ মেম্বারের দায়িত্ব নিয়েছি, এ দীর্ঘ সময়ে মাত্র পঞ্চাশ হাজার টাকার একটা ছোট প্রকল্প পেয়েছি।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে তার ছেলে কবির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘চেয়ারম্যানের ফোনে সমস্যা আপনার সাথে সাক্ষাতে কথা বলবে’ ।
এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় বলেন, ‘বগাচত্বর ইউপির চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে মেম্বারদের লিখিত একটি অনাস্থা পত্র পেয়েছি । এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’ ।
Previous Articleউলুছড়ি বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান
Next Article শেষ ম্যাচে ৭৮ রানে হেরে শূণ্য হাতে বিদায় রাঙামাটির