রাঙামাটি সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক,জনপ্রিয় শিক্ষক এবং চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে যাওয়া শেখর দস্তিদার বুধবার রাত আনুমানিক বারোটায় চট্টগ্রামে পরলোকগমন করেছেন।
নিহতের বন্ধু ও স্বজনরা তার পরলোকগমনের তথ্যটি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বাম ছাত্র রাজনীতির মেধাবী নেতা শেখর দস্তিদার অনলবর্ষি বক্তা ও প্রজ্ঞা-মেধার কারণে তার ছাত্রদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন। রাঙামাটি সরকারি কলেজের আশি ও নব্বই দশকের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন বাংলা সাহিত্যের তুখোড় মেধাবী এই শিক্ষক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র রাঙামাটি শহরের কালিন্দীপুর দীর্ঘদিন বসবাস করেছেন এবং রাঙামাটিতেই তার শ্বশুড়ালয়।
অবসরযাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সক্রিয় এই সজ্জন শিক্ষক তার ছাত্রছাত্রীদের সাথে হাসিঠাট্টায় মেতে থাকতেই পছন্দ করতেন।
শেখর দস্তিদার তার দুই পুত্র ও স্ত্রীকে রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় দাহক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
