সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী ,উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে অন্যান্যদের মধ্যে সাথে ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, পার্থ ত্রিপুরার জুয়েল, মংসুইপ্রু চৌধুরী অপু, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল হোসেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়া প্রমুখ।
মঙ্গলবার দুপুরে সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রীর শারদ শুভেচ্ছা জানাতে মন্ডপ কমিটির সাথে মতবিনিময়সহ দর্শণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কুড়াদিয়াছড়া দুর্গা মন্দির, আদি ত্রিপুরা পাড়া কালী মন্দির, পানছড়ি কেন্দ্রীয় দেবালয়, সাঁওতাল পাড়াস্থ লোকনাথ মন্দির, লোগাং বিগ্রহ মন্দির, লোগাং হেডম্যান পাড়া শিব মন্দিরসহ আরো কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী এসময় বলেন, -‘ধর্মীয় অনুশাসন পালনের মধ্য দিয়ে মানুষ কর্তব্যনিষ্ঠ, সৎ ও শুদ্ধ হয়। ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে যেন অন্যকেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে সবাইকে।’
অপর দিকে প্রায় একই সময়ে খাগড়াছড়ি সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখও পানছড়ির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এবারে পানছড়ি উপজেলায় ১০টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হচ্ছে এবং শুক্রবার দশমী পালন ও প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সনাতনী সমাজের এই বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাউৎসবের সমাপ্তি হবে।
